বন্ধ হচ্ছে গুগলের জ্যামবোর্ড অ্যাপ

৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৩০  

বিভিন্ন পণ্য ও সেবা চালু করে আশানুরূপ সাড়া না পেলে বা ব্যবসায় লাভজনক না হলে সেই সেবা বন্ধ করে দেয়ার বহু নজির রেখেছে গুগল। বন্ধ করা পণ্য ও সেবার ক্রমবর্ধমান তালিকায় এবার যুক্ত হচ্ছে জ্যামবোর্ড। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, আগামী বছরের শেষদিকে কোনো এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যাবে জ্যামবোর্ড হোয়াইটবোর্ডিং অ্যাপ। ওয়ার্কস্পেসে এক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।

জ্যামবোর্ড হলো প্রযুক্তি জায়ান্টটি নিজস্ব তৈরি হোয়াইটবোর্ডিং সল্যুউশন যা রিয়েলটাইমে একাধিক ব্যক্তিকে ব্যবহারের সুযোগ দেয়। যখন এর ওয়েবসাইট কিংবা অ্যাপে কোনোকিছু আঁকা বা সম্পাদনা করা হয়, সাথে সাথে সেটি জ্যামবোর্ড হার্ডওয়্যারে দেখা যায়।  

ব্যবহারকারীরা যাতে পূর্বের কাজগুলো হারিয়ে না ফেলেন সেজন্য ওয়ার্কস্পেসের কোলাবোরেটিভ ডিজিটাল হোয়াইটবোর্ডে গুগল ফিগজ্যাম, লুসিডস্পার্ক এবং মিরোকে যুক্ত করছে। এসব টুলসে জ্যামবোর্ডের কাজগুলো মাইগ্রেশন করা যাবে।

জ্যামবোর্ড অ্যাপ বন্ধের পাশাপাশি গুগল তাদের ৫ হাজার ডলারের জ্যামবোর্ড ডিভাইসের সাপোর্টও বন্ধ করছে। এসব ডিভাইস সর্বশেষ ২০১৭ সালে বিক্রি হয়েছিলো। আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের পর থেকে এটি কোনো অটো-আপডেট পাবে না।

ডিবিটেক/বিএমটি